৫০ বছর বাঁচতে চাইলে দুই সপ্তাহ ঘরে থাকুন: আইজিপি

নজর২৪, ঢাকা- আগামীতে দীর্ঘদিন সুস্থ দেহে বেঁচে থাকার জন্য হলেও লকডাউনের মধ্যে দুই সপ্তাহ সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

 

তিনি বলেন, দুই সপ্তাহের লকডাউন অনেক বেশি দিন না। আপনি যদি এই দুই সপ্তাহের লকডাউনের কারণে ৫০ বছর বাঁচতে পারেন তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। মৃত্যুর সারিতে নাম লেখাবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত।

 

লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষকে সহায়তা দিতে বৃহস্পতিবার (০৭ জুলাই) ঢাকার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি বলেন, আজ গুলশানে অনেক ট্রাফিক, প্রত্যেকে জরুরি কাজের কথা বলে বের হচ্ছেন। জরুরি কাজের কথা বলে যদি ১৬-১৮ কোটি মানুষের প্রত্যেকে রাস্তায় বের হয়ে যায় তাহলে আমরা অসহায় হয়ে পড়ি, রাষ্ট্র অসহায় হয়ে পড়ে। এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে, আমরা সবাই মিলেই কিন্তু রাষ্ট্র। দয়া করে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।

 

অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বাসায় বিরক্ত লাগে বলে বাইরে বের হচ্ছেন। অনেকে আবার ‘লকডাউন’ কেমন হচ্ছে তা দেখার জন্য বের হচ্ছেন। দয়া করে এ কাজগুলো করবেন না। আসেন আমরা সবাই মিলে দেশটাকে নিরাপদ করি। আমরা বের হয়ে আক্রান্ত হবো এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আক্রমণ করবো এটা ঠিক না।

 

চলমান অতিমারি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে আইজিপি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না। বর্তমানে আমরা ক‌রোনা অতিমারির ক‌ঠিন বাস্তবতার মধ্য দি‌য়ে যা‌চ্ছি।

 

আইজিপি বলেন, মানু‌ষের জীবন এবং জীবিকা দুটিই যেন সচল থাকে এজন্য অহর্নিশ কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী।

 

স্বচ্ছল ব্যক্তিদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করে। প্রতিটি পরিবারে পাঁচজন করে সদস্য থাকলে সারা ঢাকায় ৪০ লাখ পরিবার বসবাস করে। যদি ৪০ লাখ পরিবার এক প্লেট করে ভাত দেয় তাহলে আপনারা ৪০ লাখ মানুষের মুখে খাবার তুলে দিতে পারবেন। দুর্যোগের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাষ্ট্রীয় কর্তব্য, ধর্মীয় কর্তব্য।

 

এ কাজে সহযোগিতার প্রয়োজন হলে পুলিশ আপনাদের সঙ্গে আছে। যদি আপনি সাহায্য করতে চান কিন্তু আপনার সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষমতা না থাকে, আমাদের বলবেন আমরা পৌঁছে দেবো আপনার পক্ষ থেকে। আসুন আমরা হাতে হাত ধরে কাজ করি এবং এ দুর্যোগ অতিক্রম করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *