আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশের সতর্কবার্তা

নজর২৪ ডেস্ক- দীর্ঘ ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকা টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এ খেলা নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। এমনকি নানা ধরনের টিপ্পনী ও হুমকি-পাল্টা হুমকির একাধিক অভিযোগও জমা পড়েছে সাতকানিয়া সার্কেলের এএসপির কার্যালয়ে।

 

এ অবস্থায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন এএসপি। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

 

জানতে চাইলে এএসপি জাকারিয়া রহমান জিকু বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ার থানার বেশ কয়েকটি এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে হুমকি-ধমকিসহ নানা ধরনের অভিযোগ পাচ্ছি। ফলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

 

এর আগে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এ খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ব্রাজিল সমর্থকের চাচাকে পিটিয়ে আহত করেন আর্জেন্টিনার সমর্থকরা। পরে ওই রাতেই আগের ঘটনার ক্ষোভে আর্জেন্টিনার তিন সমর্থকে পেটান ব্রাজিল সমর্থকরা।

 

বুধবার দিনভর হামলা-পাল্টা হামলার এ ঘটনা ঘিরে ছিল নানা আলোচনা-সমালোচনা।

 

এদিকে নওগাঁর নিয়ামতপুরে আর্জেন্টিনার সমর্থকদের ‘নির্বোধ’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার করে ২০ টাকার স্ট্যাম্পে সই করেছেন এক ব্রাজিল সমর্থক। ওই স্ট্যাম্পে সাক্ষী হিসেবে আরেক ব্রাজিল সমর্থকের স্বাক্ষরও রেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *