নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার ও আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সাঈদ খোকন ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে।
ডিএসসিসির সাবেক মেয়র বলেন, ডিএসসিসির বর্তমান মেয়র নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই আমাকে বারবার হয়রানি করছে। এমনকি আমার সম্মানিত মাকেও হয়রানি করা হচ্ছে।
তিনি আরো বলেন, ঢাকাবাসী এ অন্যায় মেনে নেবে না। প্রয়োজনে ঢাকাবাসীকে নিয়ে আরো একবার সংগ্রাম করা হবে।
তিনি বলেন, ‘আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলোতে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬০৩ টাকা আছ।
‘দুর্নীতি দমন কমিশন আমার ও আমার পরিবারের কোনো সদস্যকে কোনোরূপ নোটিশ প্রদান না করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে। এমন কর্মকাণ্ড আমার ও আমার পরিবারের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে।’
সাঈদ খোকন বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে আমার ও আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে সংসার চালাতে সমস্যা হবে। আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান বন্ধ হয়ে যাবে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া পাওনা বন্ধ হয়ে যাবে।’
