সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাপায় ২জন নিহত ও ১জন আহত হয়েছে। নিহতরা হলেন- রংপুর শহরের বালাপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র ওবায়দুল ইসলাম (৪৫) ও রংপুর বাবুখা মধ্যপাড়া এলাকার হাসিনা বেগম (৩৫)। তবে আহত ব্যাক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।
রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার মোসলেম বাজার সাব পল্লী বিদ্যুৎ কেন্দ্রের কাছে এই দূর্র্ঘটনাটি ঘটে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান দূর্র্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শিরা জানায়, মিঠাপুকুর থেকে একটি অটোরিক্সা কয়েকজন যাত্রী নিয়ে মোসলেম বাজারের যাচ্ছিল। অটোরিক্সাটি মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কের মোসলেম বাজার সাব পল্লী বিদ্যুৎ কেন্দ্রের কাছে পৌছায়। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থালেই ২জন নিহত ও ১জন আহত হয়।
মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
