সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে স্কুল ছাত্র সাব্বির হত্যার মূল হোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
২৭ জুন রোববার র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কাহালু উপজেলার দক্ষিন জামগ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. আমিনুল ইসলাম (২৬) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুস সোবহান আলী (২৫)।
জানা যায়, ২৪ জুন বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় রাস্তার পাশে ডোবা থেকে হাত-পা বাধা অবস্থায় সাব্বির আহম্মেদের (১৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে কাহালু উপজেলার জামগ্রামের ইজিবাইক চালক গোলাম রব্বানীর ছেলে এবং জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। মৃতদেহ উদ্ধারের পর থেকেই র্যাব-১২ বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল মাঠে নামে।
এক পর্যায়ে র্যাব জানতে পারে, সাব্বির হত্যার সাথে জড়িত দুই জন বগুড়া জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে একটি দল ২৬ জুন শনিবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি আমিনুলকে গাবতলী থানা এলাকা ও সহযোগী আসামি সোবহানকে কাহালু থানা এলাকা থেকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় ইজিবাইক ছিনতাই করার সময় বাধা দিলে সাব্বিরকে (১৪) হত্যা করা হয়।
