নজর২৪ ডেস্ক- রাজধানীর শাহবাগ থানায় পুলিশের করা এক মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২৭ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ তাকে জামিন দেন।
আদালতে আখতারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গত ২৭ মার্চ প্রেস ক্লাবের সামনে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানার মামলা হয়। সেই মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টাসহ পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার পাশাপাশি বিস্ফোরক আইনে অভিযোগও আনা হয়।
পরে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে আখতারকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় ৫ মে নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে জোর করে পুলিশের কাছ থেকে নিয়ে যান।
এ ঘটনায় একই দিনে শাহবাগ থানায় একটি মামলা করেন পল্টন মডেল থানার এসআই রায়হান কবির।
