নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে দেশজুড়ে শাটডাউনের সিদ্ধান্ত তিন দিন পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (০১ জুলাই) শুরু হচ্ছে শাটডাউন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে শনিবার (২৬ জুন) রাতে সরকারের উচ্চপর্যায়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
তিনি বলেন, ‘আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিতভাবে কার্যকর হবে লকডাউন। সীমিতভাবে মানে যানবাহন, দোকানপাট, রেস্টুরেন্ট ইত্যাদি সীমিতভাবে চলবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ দিনের কঠোর লকডাউন হবে।’
সভায় আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি সুরথ কুমার। তবে তিনি বলেন, ‘মূলত জুন ফাইনালের জন্য ৩০ জুন পর্যন্ত লকডাউন সীমিত রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তীতে সাত দিন কঠোর লকডাউন পালন করা হবে।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।’
এতে আরও বলা হয়, ‘জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে।’
তবে আজ বিস্তারিত আদেশের বদলে নতুন এ সিদ্ধান্ত এলো।
সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো আগামীকাল (রোববার) স্পষ্ট করা হবে।





