সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে কুয়ায় পড়ে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুর এলাকার আব্দুল হালিমের ছেলে জিম(৮) ও একই এলাকার আজহার আলীর ছেলে মিলন(২৪)।
পুলিশ জানায়, ওই এলাকার আব্দুল হালিম নলকূপের পানি নিষ্কাশনের জন্য ১৫ ফিট গভীরতার একটি পাটের কুয়া তৈরি করেন। সেই অরক্ষিত কুয়ায় তার ছেলে জিম(৮) পড়ে যায়। তাকে কুয়া থেকে তোলার জন্য এগিয়ে আসে মিলন নামে এক প্রতিবেশী যুবক।
সে কুয়ার ভিতরে মই দিয়ে জিমকে তোলার সময় মই ভেঙে নিজেও কুয়ায় পড়ে যায়। পরে এলাকার লোকজন তাদের তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের সুপারিশে লাশ পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে।
