শাটডাউনে প্রস্তুত সরকার

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বুঝে সারাদেশে ‘শাট ডাউন’ ঘোষণার প্রস্তুতি সরকারের আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

বৃহস্পতিবার সারা দেশে নতুন করে কমপক্ষে ১৪ দিনের ‘শাট ডাউন’-এর সুপারিশ করেছে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি। এরপরই ‘শাট ডাউন’ দিতে সরকারের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফরহাদ হোসেন।

 

তিনি বলেন, ‘আমরা খুবই গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যে এটা শুরু করতে পারব।’

 

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সে অনুযায়ী আমরা কাজ করছি। সরকার প্রস্তুত আছে, যে কোনো সময়ে একটা সিদ্ধান্ত নিতে হতে পারে।’

 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, মাঝে আমাদের সংক্রমণ ৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এখনো অনেক জায়গা আছে, যেখানে সংক্রমণ ১০ শতাংশের নিচে আছে। ইতোমধ্যে ঢাকার আশেপাশের এলাকাগুলোতে লকডাউন দিয়েছি। তারপরও ঢাকার মধ্যে লোকজন এসে যাচ্ছে। সংক্রমণ কমানোয় পদক্ষেপ নিতে আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে।

 

এর আগে পরার্মশক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডউন’ দেওয়ার সুপারিশ করছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালত সহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *