নজর২৪, ঢাকা- টিকা কূটনীতিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিভিন্ন দেশ থেকে ‘দান’ আর ‘উপহারের’ টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ‘তৃপ্তির ঢেকুর’ তুললেও এ দিয়ে করোনা মহামারি মোকাবিলা সম্ভব হবে না।
বুধবার (২৩ জুন) দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে দলটির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।
সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘বিশ্বের উন্নত ও অনুন্নত অনেক দেশ ইতিমধ্যেই রোডম্যাপ অনুযায়ী গণটিকা কর্মসূচি শুরু করেছে। ওই সব দেশের মানুষ জানে, কখন তাদের টিকাদান কর্মসূচি শেষ হবে। কিন্তু আমাদের দেশের কেউই জানে না, কখন আমরা গণটিকা শুরু করতে পারব। মানুষ করোনার টিকা পাওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা জানতে চায়।’
টিকা নিয়ে সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো সাফল্য নেই। টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিভিন্ন দেশ থেকে উপহারের ৫–১০ লাখ টিকা পেয়ে স্বস্তির ঢেকুর তুলছেন স্বাস্থ্যমন্ত্রী। অথচ ১৮ কোটি মানুষের টিকা পাওয়ার বিষয়টি এখনো সম্পূর্ণ অনিশ্চিত। সরকারের ঘোষণায় বিশ্বাসযোগ্য কোনো তথ্য–উপাত্ত নেই। আমাদের মতো জনবহুল দেশে উপহার আর দানের সংগৃহীত অপর্যাপ্ত টিকা দিয়ে করোনার মতো মহামারি মোকাবিলা সম্ভব নয়।’
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশক আহসান আদেলুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও অ্যাডভোকেট সালমা ইসলাম।
