নজর২৪ ডেস্ক- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি দীর্ঘ ২১ দিনেও উদ্ধার হয়নি। এমনকি গ্রেফতার করা যায়নি ছিনতাইকারীকে। ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনামন্ত্রীর ফোনটি এখন পর্যন্ত বেশ কয়েকবার হাত বদল হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। প্রথম ছিনতাইকারী ফোনটি একজনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে। পরে তার কাছ থেকে কোনো একজন ক্রেতা ফোনটি ২৫-৩০ হাজার টাকায় কিনেছে। এরপর ওই ফোনটি এখন পর্যন্ত সিমকার্ড দিয়ে চালু করা হয়নি। তাই ফোনটির অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।
ফোনটি ছিনতাইয়ের পর দ্রুত মন্ত্রী তার সিম কার্ড রিপ্লেস করে নেওয়ায় পুলিশের কাজ আরও জটিল হয়ে পড়েছে।
তারা বলছেন, পুলিশ এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন টেন হ্যান্ডসেট উদ্ধার করে, কিন্তু এর কোনোটিই মন্ত্রীর নয়।
এ বিষয়ে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিএম ফরিদুল আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন উদ্ধার করেছি। কিন্তু এর একটিও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিল না। এখন আমাদের ভরসা ছিনতাইকারীকে গ্রেফতার করা। তাকে গ্রেফতার করলে ফোনটি শেষ কার হাতে গেছে তা হয়তো নিশ্চিত হওয়া যাবে। তাকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের সঙ্গে সরকারের অন্যান্য সংস্থাও কাজ করছে। ওই ছিনতাইকারীকে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এ কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অভিযান চলছে। আশা করছি আমরা ফোনটি উদ্ধার করতে পারব।
