নজর২৪, ঢাকা- বিএনপির নেতারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের আশু রোগমুক্তি কামনায়’ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর বলেন, “আমাদের অনুপ্রেরণা যে মূল নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করতে হবে, তিনি মুক্ত নন। তাকে মুক্ত করতে পারলেই আমরা সবাই মুক্ত হব। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মুক্ত হবেন এবং দেশে আসবেন।
“সেই কাজটা আমাদেরকেই করতে হবে। আন্দোলনে করতে হবে, রাস্তায় নামতে হবে। শ্লোগান দিয়ে হবে না। আমাদের যেটা করা দরকার, সেটা করতে হবে।”
গয়েশ্বর বলেন, “আমরা সকলে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। সেখান থেকে আমাদের মুক্তি তখনই আসবে, যখন দেশনেত্রী বন্দিদশা থেকে মুক্ত হয়ে ডাক দেবেন যে, আমি খালেদা জিয়া বলছি। তখন কোনো রাজনৈতিক নেতা-কর্মীর কমিটমেন্ট কিছু থাকবে না।
“সেই কমিটেড লোকজনের ঘরে বসে আলোচনা করলে চলবে না। আমাদের অত্যন্ত জরুরি খালেদা জিয়ার মুক্তির। তিনি মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে এবং গণতন্ত্রের মুক্তি হলে কিন্তু খালেদা জিয়া মুক্তি পায়। সুতরাং গণতন্ত্রের মুক্তির আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সূত্রে গাঁধা। সেই নামে বলেন একই কর্ম।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের জন্য একদিন আওয়ামী লীগকেও কাঁদতে হবে। দেশটা কে চালাচ্ছে, এ কথা এখন আওয়ামী লীগের অনেকেও বলছে।
এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীনদের রক্ষায় দেশে একটি বিশেষ ফোর্স গঠিত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন এবং আদালতের বিচারপতিদের একটা অংশ নিয়ে আওয়ামী সিকিউরিটি ফোর্স গঠন করা হয়েছে। ক্ষমতাসীনদের সুরক্ষা দেওয়াই এই ফোর্সের কাজ।
