পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামি নাসির গুলশানের সেই ক্লাবেরও সদস্য

নজর২৪ ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে বোট ক্লাবে ‘ধর্ষণচেষ্টার’ মামলায় গ্রেপ্তার উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ গুলশানের অল কমিউনিটি ক্লাবেরও সদস্য।

 

নাসির গ্রেপ্তার হওয়ার দুদিন পর বুধবার অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল অভিযোগ করেন, গত ৭ জুন মধ্যরাতে পরীমনি ও তার সঙ্গীরা গুলশানে তার ক্লাবে গিয়ে ‘হাঙ্গামা’ বাঁধিয়েছিলেন।

 

এরপর বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের সামনে এসে পরীমনি দাবি করেন, মূল ঘটনা থেকে নজর সরাতে ‘উদ্দেশ্যমূলকভাবে’ তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হচ্ছে।

 

রাতে সাংবাদিকদের সঙ্গে তার আলাপে অল কমিউনিটি ক্লাবের সঙ্গে নাসির উদ্দিন মাহমুদের সংশ্লিষ্টতার বিষয়টিও আলোচনায় আসে। পরীমনির মামলায় গ্রেপ্তার আবাসন ব্যবসায়ী নাসির ইতোমধ্যে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যপদ খুইয়েছেন।

 

এ বিষয়ে অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, নাসির উদ্দিন মাহমুদ উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের ক্লাবেরও উনি সদস্য, কিন্তু উনি কখনো আসেন না। এখনও সদস্যপদে আছেন।

 

পরীমনি যে অভিযোগ তুলেছেন, নাসির গ্রেফতার হওয়ায় এখন তার পক্ষ নিয়ে এসব অভিযোগ তোলা হচ্ছে কি না-এমন প্রশ্নের উত্তরে ব্যবসায়ী আলমগীর বলেন, এ রকম হওয়ার তো কোনো কারণ নাই। আমরা উনার (পরীমনি) ব্যাপারে কথা বলতেও রাজি না। আপনারা জানতে চেয়েছেন- কী ঘটেছিল? সেই জায়গা থেকে ব্যাখ্যা করেছি। আমাদের আর কিছু করার দরকারও নাই।

 

আলমগীর জানান, পরীমনির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই। ‘এমন কিছু তো করেন নাই উনি। কয়েকটা প্লেট ভেঙেছেন, সেটা যেই মেম্বারের অতিথি হয়ে গিয়েছিলেন সেই মেম্বারই দিতে পারতেন। ক্লাবের মেম্বারের সঙ্গে যারা ক্লাবে আসেন তারা শুধু মেম্বারেরই নন, ক্লাবেরও অতিথি। ’

 

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে পরীমনি সাংবাদিকদের সামনে প্রশ্ন রেখেছেন- সেদিন ক্লাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে তা আটদিন পর কেন প্রকাশ করা হল?

 

এ বিষয়ে আলমগীরের ভাষ্য, আমরা তো কোনো ভিডিও করিনি। কিছুই করিনি। উনি ট্রিপল নাইনে কল করে পুলিশ এনেছিলেন, পুলিশ সম্ভবত অনর্থক আনার জন্য নিজেরাই জিডি করেছে। বিষয়টি আমরা জানিই না। কালকেও সাংবাদিকরা এসেছিলেন, আমরা তো এটাও করিনি। সাংবাদিকরা জানতে চাইছে বলে জানিয়ে দিলাম।

 

ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে পরীমনির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, সে রকম কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা তাদের নেই।

 

‘ছোট একটা বিষয়। যা হবার তা হয়ে গেছে ওইদিন। আমরা কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব? কেন নেব? আল্লাহ মানুষের ইজ্জত দিয়েছেন, আল্লাহই সেটা রক্ষা করবেন। উনি টুকটাক ভুল করেছিলেন। সেটা নিয়ে আমাদের কোনো দাবিও নেই, কথাও নেই।’

 

উল্লেখ্য, রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পরীমণি জানান, তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

 

এরপর সেদিন রাত সাড়ে ১০টার দিকে বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ঘটনায় অভিযুক্ত হিসেবে নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ অচেনা কয়েকজনের কথা উল্লেখ করেন পরী। এই ঘটনায় সোমবার (১৪ জুন) সকালে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন, অমিসহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

 

সেই মামলার আসামিদের গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

সোমবার মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অমি ও নাসিরকে মঙ্গলবার ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া তাদের সঙ্গে থাকা তিন নারীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *