আবু ত্ব-হা নিখোঁজ হওয়ায় মর্মাহত সোহরাওয়ার্দী শুভ

স্পোর্টস ডেস্ক- নিখোঁজ সাবেক ক্রিকেটার ও তরুণ ইসলামি বক্তা আফছানুল আদনান ওরফে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ। একজন ধর্মপ্রাণ মুসলমান ও ক্রিকেটার হিসেবে ত্ব-হার নিখোঁজ হওয়ায় তিনি মর্মাহত বলেও জানিয়েছে।

 

বুধবার (১৬ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান দাবি করেন ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ।

 

সোহরাওয়ার্দী শুভ তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন,‘বিগত কয়েক দিনের সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার নিখোঁজের ঘটনায় আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং ক্রিকেটার হিসেবে মর্মাহত। আমার প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে তাকে দ্রুত খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। (আমিন)’

 

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বাড়ি নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদের পাশে। একই সড়কের পার্শ্ববর্তী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ। রংপুরের ক্রিকেট অঙ্গনে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি থাকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডাক পেয়েছিলেন আদনান।

 

একসময় দুর্দান্ত ক্রিকেট খেলতেন ত্ব-হা আদনান। রংপুরের ক্রিকেটপাড়ায় ভালো খেলোয়াড় হিসেবেও বেশ ডাকনাম ছিল। ওই সময়টা ক্রিকেটই ছিল আদনানের ধ্যান-জ্ঞান। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পর কারমাইকেল কলেজে অনার্সে অধ্যয়নরত অবস্থায় পরিবর্তন আসে তার মধ্যে। দর্শন বিষয়ে পড়ালেখা করলেও ধীরে ধীরে ঝুঁকে পড়েন ধর্ম চর্চায়। কোরআন তিলাওয়াতসহ ধর্মীয় গ্রন্থ নিয়ে বেশি বেশি অধ্যয়ন ও গবেষণায় মনোযোগী হয়ে উঠেন। পাশাপাশি আরবি শিক্ষার জন্য স্থানীয় আলজামি আস সালাফিয়া মাদরাসা ভর্তি হন। এরপর তিনি ইসলামি চিন্তা ভাবনার প্রচার প্রসারে মনোনিবেশ করেন।

 

ক্রিকেটকে বিসর্জন দেওয়া আদনান ছোটবেলায় ভালো গিটার বাজাতেন। ডানপিটে স্বভাবের হলেও এলাকার সবার কাছে প্রিয় ছিলেন। ছেলেবেলা থেকেই ধর্মীয় বিষয়ে জানার বেশি আগ্রহ ছিল তার মধ্যে।

 

গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে তিন সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত আড়াইটার দিকে গাবতলী এলাকা থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় আদনানের সঙ্গে আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ ছিলেন। এখন পর্যন্ত তাদের কারোরই সন্ধান পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *