নগদ টাকা ও ইয়াবা তৈরীর বিপুল পরিমাণ উপাদানসহ ৩ রোহিঙ্গা আটক

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮ ইষ্ট রোহিঙ্গা শিবির থেকে বিপুল পরিমাণ ইয়াবা তৈরীর উপাদান, নগদ টাকা, স্বর্ণালংকার উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। এসময় জড়িত থাকার দায়ে এক নারী মাদক পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বালুখালী পানবাজার ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উক্ত ক্যাম্পের রোহিঙ্গা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২৭), কেফায়েত উল্লাহর ছেলে ওবায়দুল্লাহ (২৯), ও মাহাবুর রহমানের ছেলে মো: ইয়াহিয়া (১৯) কে আটক করা হয়।

 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ -এপিবিএন এর পুলিশ সুপার নাঈমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, আটককৃত রোহিঙ্গা নারীর বসত ঘরের ভিতরে মাটির নিচে সু কৌশলে সুরঙ্গ তৈরী করে মাদক জাতীয় দ্রব্য, স্বর্ণাংকার ও টাকা লুকিয়ে রেখেছিল।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, জব্দকৃত এমফিটামিন টেবলেটও এক প্রকার নেশা। এগুলো ইয়াবা তৈরীর মূল উপাদান। এব্যাপারে গভীর নজরদারি ও অনুসন্ধানের প্রয়োজন বলে স্থানীয় লোকজন দাবী করেন।

 

আটককৃত রোহিঙ্গা মাদক পাচারকারীদের স্বীকারোক্তি অনুযায়ী ৩,২৩,৩৭৫ (তিনলক্ষ তেইশ হাজার তিনশত পচাত্তর) পিস এমফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট, ২,৫৮,৫২০ (দুইলক্ষ আটান্ন হাজার পাঁচশত বিশ) বাংলাদেশী টাকা, ১২৩৫ মিয়ানমার মূদ্রা (কিয়াট) এবং প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা বলেন, মিয়ানমার হতে এসব উপাদান এনে হয়ত ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গারা ইয়াবা বানাচ্ছে। অথবা এসব উপাদানের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ইয়াবা হিসেবে বিক্রি করছে।

 

আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *