৩ দিনেও ‘খোঁজ মেলেনি’ আবু তোহা আদনানের!

নজর২৪ ডেস্ক- রাজধানীর গাবতলী এলাকা থেকে একসঙ্গে চারজনের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এদের একজন সামাজিক মাধ্যমে নানা ধর্মীয় বক্তব্য দিয়ে আলোচিত হয়ে উঠা আবু তোহা মোহাম্মদ আদনান।

 

বাকি অন্যরা হলেন তার সহযাত্রী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ।

 

গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় প্রবেশের সময় গাবতলী থেকে তারা নিখোঁজ হন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবু তোহার শ্যালক জাকারিয়া হোসেন।

 

তিনি জানান, তার ভগ্নিপতির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় গাবতলী থেকে রাত ২টা ৩৬ মিনিটে। এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি।

 

তিনি বলেন, ‘আমাদের সন্দেহ, দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করেছে।’

 

নিখোঁজ হওয়ার পর দিন শুক্রবার তোহার স্ত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন জাকারিয়া।

 

তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মিরপুর বিভাগের উপকমিশনার এ এস এম মাহতাব উদ্দিন বলেন, ‘তারা তো থানাতেই যাননি। ফোনে ওসিকে জানিয়েছে। ওসি তাদের জন্য অপেক্ষা করছেন।’

 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার ধারণা লোকজন কোথায় আছে, বিষয়টা তারা জানে।’

 

কে এই আবু তোহা মুহাম্মদ আদনান?

 

ফেসবুক, ইউটিউব ঘেঁটে ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, রংপুর সদরের বাসিন্দা তোহা নিজেকে ইসলামি স্কলার দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলাম ধর্মীয় বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতো করে ব্যাখা দিয়ে যাচ্ছেন অনেকদিন ধরেই, যা নিয়ে বিতর্কও আছে।

 

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত তার বক্তব্যে ঢাকা শহরকে ‘কেয়ামতের শহর’ হিসাবে উল্লেখ করেন।

 

নারীর ক্ষমতায়নের বিরুদ্ধেও কথা বলেছেন তিনি। দাবি করেছেন, ‘যে নারী পুরুষের সঙ্গে পাবলিক বাসে উঠে অফিসে যায়, যে নারী সহকর্মী পুরুষের সঙ্গে কথা বলেন তারা দাজ্জালের বাহিনীর সদস্য। ইমাম মাহাদীর বিরুদ্ধে এই নারীরাই যুদ্ধ করবে।’

 

ইসলাম ধর্মমতে দুনিয়া ধ্বংস তথা কিয়ামতের আগে মুসলিমদের সঙ্গে দাজ্জালের বাহিনীর লড়াই হবে। আর মুসলিমদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদী।

 

ইমাম মাহাদী পৃথিবীতে কবে আসবেন, এ নিয়ে অবশ্য ইসলামিক বক্তাদের মধ্যে বিরোধ আছে। কেউ কেউ নিজেকে ইমাম মাহাদী পরিচয়ও দিয়েছেন নানা সময়।

 

তোহার দাবি, পরকালে দোজখে নারীদের সংখ্যা বেশি হবে। আর এর জন্য তার ভাষায় ‘নারীর উদ্ধত’ আচরণ দায়ী।

 

প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেও তোহা নানা সময় উসকানি দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *