হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ করতে পারছে না দুদক, ‘কারণ’ জানালেন সচিব

নজর২৪, ঢাকা- হেফাজত ইসলামের ৫০ নেতাকর্মীর দুর্নীতির তথ্য অনুসন্ধানে নেমে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ইমিগ্রেশন, ভূমি মন্ত্রণালয়সহ একাধিক অফিসে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

তবে কোনো অফিস থেকে এখনও হেফাজত নেতাদের ব্যাপারে তথ্য না আসায় অপেক্ষা করছে দুদক। এমন পরিস্থিতিতে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘ন্যূনতম তথ্য ছাড়া তো হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।’

 

বুধবার (৯ জুন) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

দুদক সচিব বলেন, হেফাজত নেতাদের দুর্নীতি অনুসন্ধানে বিভিন্ন জায়গায় আমরা তথ্য চেয়েছি। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছেও তথ্য চেয়েছি। এছাড়া হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাদের বিভিন্ন ব্যাংক একাউন্টের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তাদের এখতিয়ার দেওয়া আছে। তারা যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন, তাহলে জিজ্ঞাসাবাদ করতে পারেন। অন্তত কিছু কাগজপত্র না পেয়ে তো জিজ্ঞাসাবাদ করা যায় না। এ পর্যন্ত কোনো তথ্য আসেনি। হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়েও ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রা ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

 

গত ২৪ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ অর্ধশত নেতার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সরকারি ১১ দফতরে চিঠি দেয় দুদক। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি), ঢাকা জেলা রেজিস্ট্রার, বাংলাদেশ ব্যাংকের বিআইএফইউ প্রধান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নেত্রকোনার পুলিশ সুপার, নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের মহাপরিচালক বরাবর পাঠানো পৃথক পৃথক চিঠিতে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়।

 

হেফাজতের শীর্ষ অর্ধশত নেতার বিরুদ্ধে অভিযোগ- তারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও ইসলামি প্রতিষ্ঠানের অর্থ এবং ধর্মীয় কাজে দেশে আসা বৈদেশিক সহায়তা আত্মসাৎ বা স্থানান্তর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *