সেই ছিনতাইকারী কোথায়, জানালেন পরিকল্পনামন্ত্রী নিজেই

নজর২৪, ঢাকা- রাস্তায় গাড়িতে বসা অবস্থায় ছিনতাই হওয়া মোবাইল ফোন এখনও পাননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মোবাইল চোর আন্ডারগ্রাউন্ডে গেছে বা লুকিয়ে আছে। তবে মোবাইল ফিরে পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, সংবাদ পেয়েছি যে ফোনটা নিয়েছে তার স্থান শনাক্ত করা হয়েছে। সে আন্ডারগ্রাউন্ডে গেছে বা লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি পাওয়া যাবে।

 

গত ১ জুন মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন। ওইদিন তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

 

এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাইয়ে জড়িতকে গ্রেপ্তারে হন্যে হয়ে ঘুরছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার নাওয়া-খাওয়ার রুটিন নেই এখন, নেই বিশ্রাম।

 

সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, সেই ব্যক্তি ঘটনাস্থল বিজয় সরণির মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাতেন। ঘটনার দিন থেকে তিনি সেখানে নেই।

 

ছিনতাইয়ের পর থেকে মন্ত্রীর ফোনটি বন্ধ। তাই এর অবস্থান শনাক্ত করা কিছুটা কঠিন হয়ে গেছে।

 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকে বাসা তো ভালো, থানায়ও ঠিক মতো গেছি কি না ঠিক নাই।’ কতটা অগ্রগতি হলো? এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিযান চলমান। আশা করছি খুব শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *