সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
রাতারাতি বড়লোক হতে তিনি প্রাইভেটকারে যাত্রীর পাশাপাশি গাঁজা পরিবহন করতেন বলে জানায় পুলিশ।
সোমবার দুপুরে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাজমুল হক লালমনিরহাটের কুলাঘাট ছড়ারপাড় এলাকার বাবু মিয়ার ছেলে।
রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুরজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এএসপি আরও বলেন, নাজমুল হক পেশায় একজন প্রাইভেটকার চালক। রাতারাতি বড়লোক হতে যাত্রীর পাশাপাশি সে বিভিন্ন জায়গায় গাঁজা পরিবহন শুরু করে। আজকের জব্দ করা চালানটি লালমনিরহাটের এক মাদক কারবারির কাছ থেকে নেয়। তাকে এসব পাবনায় ডেলিভারি দিতে বলা হয়েছিল। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।





