সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ও ট্রাক চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা দুটি ধোপা কান্দি ও মুলিবাড়ি নামক স্থানে ঘটে।
জানা যায়, আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টায় ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত নামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশনা নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত রওশনা সিরাজগঞ্জ সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
অপরদিকে রোববার রাত সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী নামক স্থানে ২টি ট্রাকের সংঘর্ষে নাজমুল নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক নাজমুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নেকসাস সুন্দর গ্রামের শফিকুলের ছেলে।
জানা গেছে, মুলিবাড়ী এলাকায় উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে অপর একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরজন মুলিবাড়ি নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়।
