শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: মানুষের ভোগান্তি কমাতে কক্সবাজার শহরের পৌর এলাকার সাহিত্যিকা পল্লীতে দীর্ঘ দুই কিলোমিটার ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন কৃষক লীগ নেতা ও তরুণ সমাজসেবক জাভেদ মোস্তাফা।
রবিবার (৬ জুন) বিকেল ৪ টায় তিনি এই কাজের উদ্যোগ নেন। এবং প্রায় তিন ঘন্টা সময় ব্যায় করে উক্ত সড়ক সংস্কারের কাজ শেষ করেন।
এ সময় সাথে ছিলেন- কক্সবাজার ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল ইবনে দৌহা এবং ওয়ার্ড কৃষকলীগ নেতা শাহনেওয়াজ জিল্লু।
সম্প্রতি টানা দুই দিনের বৃষ্টিতে পৌরসভার ছয় নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লীর দীর্ঘ তিন কিলোমিটার সড়কের দুই কিলোমিটারই নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একারণে ভোগান্তি পোহাতে হয়েছে এলাকাটির দশ সহস্রাধিক বাসিন্দাকে।
এ বিষয়ে এ সড়ক দিয়ে যাতায়াতকারী সাংবাদিক কামাল হোসেন জানান, সমাজে জাভেদ মোস্তাফার মত অনেক লোক রয়েছেন। কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না।
তিনি আরোও বলেন, এবারের টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে কেউ খবরও নেয়নি। জাভেদ মোস্তাফা মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।
জাভেদ মোস্তাফা জানান, জনগণের ভোগান্তির কথা ভেবে নিজের কাজ মনে করেই তিনি এই কাজের উদ্যোগ নিয়েছেন। মানুষের চলাচলের রাস্তা সংস্কার করে দেওয়া একটি পূন্যের কাজ। কাজেই কে কখন করবে না করবে এসব না ভেবে সামর্থ্য অনুযায়ী রাস্তাটি তিনি সংস্কার করে দিয়েছেন।
এদিকে সড়কটির দূরাবস্থার কথা বর্ণনা করতে গিয়ে এলাকাবাসী জানান- পৌরসভার টিকাদার আসাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু সাহিত্যিকাপল্লীবাসীর সাথে বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন। তারা বলেন- গত ছয় মাস ধরে সড়কটি অর্ধ সংস্কার করে ফেলে রেখে যান টিকাদার ও কাউন্সিলর। তারা একাধিকবার এলাকাটি পরিদর্শন করে গেলেও বর্ষাকালের পরিণতি সম্পর্কে একেবারেই উদাসীন ছিলেন। এমনকি জন দুর্ভোগ সৃষ্টি হবার বিষয়টি বারবার তাদের আমলে নিতে বলা হলেও ভ্রুক্ষেপই করেননি তারা। এছাড়াও তরুণ সমাজ সেবক জাভেদ মোস্তাফার আজকের এই মহতী উদ্যোগের জন্যও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই।
সড়কটি দ্রুত এবং স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
