নজর২৪ ডেস্ক- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণি থেকে গত রোববার সন্ধ্যায় মোবাইল হারানোর ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আমার ছেলে আমেরিকা থেকে ১ হাজার ডলার দিয়ে ফোনটি কিনে পাঠিয়েছে। আমার গাড়িতে পতাকাও ছিলো। তারপরও ছিনতাইকারি মোবাইল ফোনটা নিয়ে গেলো।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মতে, রবিবার (৩০ মে) সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।
তিনি বলেন, ‘গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। পরে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।’
এদিকে মোবাইল ফোন হারানোর ঘটনায় ওই রাতেই কাফরুল থানায় মামলা করেছেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। মামলা নম্বর ৩৬।
এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪ তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই চোরের পেছনে ধাওয়া করলেও চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গেছে, চোর বিজয় সরণির ঠিক যেখান থেকে মোবাইলটি ছিনতাই করেছে, সেই স্থানটি কাফরুল থানার আওতাধীন। ছিনতাই করার পর চোর লাফ দিয়ে রাস্তার উল্টা পাশে চলে যায়। সেটি আবার তেজগাঁও থানার আওতাধীন।
ফলে কাফরুল ও তেজগাঁও থানা যৌথভাবে মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে। যদিও এখন পর্যন্ত ফোন উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে।
