গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
এতে বলা হয়, তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এ জন্য তদসংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় গ্যাস থাকবে না বলে জানানো হয়েছে সেগুলো হলো- ঢাকার তেজকুনিপাড়া, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, সোনারগাঁও হোটেল, দিলুরোড, পরীবাগ, কাঁঠালবাগান, সোনারগাঁও রোডের পূর্বপাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বা গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানানো হয়।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
