Home জাতীয় ফিলিস্তিনের প্রকৃত বন্ধু বাংলাদেশ: রাষ্ট্রদূত রামাদান

ফিলিস্তিনের প্রকৃত বন্ধু বাংলাদেশ: রাষ্ট্রদূত রামাদান

0
107

নজর২৪, ঢাকা- ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিনের প্রকৃত বন্ধু বাংলাদেশ। আমরা শুরু থেকেই এই দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছি।

 

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এসব কথা বলেন।

 

ফিলিস্তিনকে উপহারের ওষুধসামগ্রী হস্তান্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম।

 

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আমি পাঁচ বছর বাংলাদেশে আছি। ১৪ দিন ধরে বাংলাদেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। গাজায় ইসরায়েলি হামলার পর এই দেশের মানুষ আমাদের বিপুলভাবে সহায়তা করেছে।’

 

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বিপুল পরিমাণে অর্থসহায়তা পেয়েছি। বাংলাদেশ সরকার আমাদের দুটি ব্যাংক হিসাব করতে সহায়তা করেছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়েও টাকা পেয়েছি। আমরা এই সহায়তা গাজায় পাঠাব। তবে ঠিক কত টাকা পেয়েছি, তা এখনো হিসাব হয়নি। সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে।’

 

অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী ও ৫০ হাজার মার্কিন ডলার উপহার দেওয়া হয়। ইসরাইলের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এসব সামগ্রী সরবরাহ করা হলো।

 

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here