ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নজর২৪, ঢাকা- দেশে করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও এক দফায় বাড়ছে। মহামারি মোকাবিলায় চলমান লকডাউন তথা বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।

 

রোববার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে। তবে কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে স্কুল-কলেজের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একটি সূত্র বলছে, জুনের ১০ তারিখের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ছুটি অন্তত দশ দিন বাড়তে পারে। তাছাড়া ভারতের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। এজন্য ছুটির পক্ষে মত মন্ত্রণালয়ের।

 

সূত্রটি বলছে, লকডাউন তুলে দেওয়ার পরই শুরু হবে বিদ্যালয়ে ক্লাস শুরুর প্রস্তুতি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে বেশি গুরুত্ব দেওয়া হবে। এজন্য সপ্তাহে ছয় দিন তাদের ক্লাস নেওয়া হবে। বাকি শ্রেণিতে সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হলেও অনলাইনে চলবে নিয়মিত ক্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *