ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সমাধান দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র করাই এই সংঘাতের সমাধান এবং এটাই একমাত্র পথ। একই সঙ্গে গাজা পুনর্নির্মাণের প্রচেষ্টা সংগঠিত করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

শুক্রবার (২১ মে) হোয়াইট হাউসে বাইডেন আরও বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে হবে। তাদের অস্তিত্ব স্বীকার না করলে শান্তি আসবে না। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমার যে প্রতিশ্রুতি, তার কোনো পরিবর্তন হবে না। প্রতিশ্রুতি হলো ইসরায়েলের নিরাপত্তা, এটার কোনো পরিবর্তন ঘটবে না।

 

বাইডেন আরও বলেন, তিনি ইসরায়েলিদের জেরুজালেমে দাঙ্গা বন্ধ করতে বলেছিলেন।

 

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধানের ধারণা কয়েক দশক ধরে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচিত হয়ে আসছে। এই কূটনীতির মূল ভিত্তি ইসরায়েলের পাশাপাশি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেম হবে দুই রাষ্ট্রের রাজধানী।

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতি ও ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

 

ট্রাম্পের উপদেষ্টা ও মেয়ের জামাই জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হয়েছিল ঠিকই। তবে সেই নীলনকশায় ফিলিস্তিন রাষ্ট্রকে খুবই সীমিত সার্বভৌমত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। তাঁর সেই পরিকল্পনায় ইসরায়েলই ফিলিস্তিনি রাষ্ট্রের নিরাপত্তা দেখভাল করবে।

 

ফিলিস্তিনি নেতারা কুশনারের সেই মধ্যপ্রাচ্য পরিকল্পনা নাকচ করে দেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুরোপুরিই দুই রাষ্ট্র পরিকল্পনার বিষয়ে জোর দিয়েছেন।

 

বাইডেন পরিষ্কার করে দিয়েছেন, ‘ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি, আদৌ কোনো পরিবর্তন হয়নি।’

 

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এটিই একমাত্র জবাব, এটিই একমাত্র পথ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *