আন্তর্জাতিক ডেস্ক- ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের মানচিত্র কিভাবে পরিবর্তিত হয়েছে তা তুরস্ক বিশ্ববাসীর সামনে তুলে ধরা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকরের পর শুক্রবার (২১ মে) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শুক্রবার ইস্তাম্বুলে নর্থ মারমারা মোটরওয়ের সপ্তম সেকশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল যে কি জিনিস, সে সম্পর্কে সমগ্র বিশ্বের জানা উচিত। ইসরায়েল ১৯৪৭ সাল থেকে অবৈধ দখলদারিত্বের মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন সেখানে ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো জমি বাকি আছে।’
ফিলিস্তিন ইস্যুতে বৃহস্পতিবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল বৈঠক সফল বলে দাবি করেন তুর্কি প্রেসিডেন্ট। তুর্কি কূটনীতিক ভলকান বজকিরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু।
বৈঠকের আলোচ্য বিষয়ে এরদোয়ান বলেন, তারা আলোচনা করেছেন ১৯৪৭ সাল থেকে কীভাবে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন দখল করে যাচ্ছে এবং আজ একটি ছোট ভূখণ্ডে পরিণত করেছে।
তুর্কি প্রেসিডেন্ট দাবি করেছেন, শক্তিশালী তুরস্কের উত্থানের অপেক্ষায় রয়েছেন সারা বিশ্বের নিপীড়িত মানুষ।
মিসরের মধ্যস্থতায় ১১ দিন সংঘর্ষের পর হামাস ও ইসরায়েল শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবার ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।
