শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের হাই ভোল্টেজ তারে স্পৃষ্ট হয়ে বিজন চন্দ্র সূত্রধর (৫০)নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ র্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রফিকুল ইসলাম(৪৫) নামে আরও একজন।
বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে পৌর সদর নান্দাইল বাজারের মোরগ মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঠমিস্ত্রী বিজন চন্দ্র সূত্রধর জামালপুর দেওয়ানগঞ্জের ধীরেন চন্দ্র সূত্রধরের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বৃষ্টি ও হালকা ঝড়ে ঘটনার কিছুক্ষণ আগে একটি রেন্টি গাছের ডাল ভেঙে বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। সে সময় রাস্তায় বৃষ্টির পানি জমা ছিল। পাশেই চায়ের দোকান থেকে বের হয়ে কাঠমিস্ত্রী বিজন চন্দ্র সূত্রধর ও রফিকুল ইসলাম অজ্ঞাতবসত সেই তারে পা পড়তেই আগুন জ্বলে উঠে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিস্তেজ হয়ে যায় ওই দুই ব্যক্তি ।
পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করলে, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজন চন্দ্র সূত্রধরকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই ব্যক্তি মোরগ মহাল এলাকায় কাঠমিস্ত্রী কাজ করতেন। আহত রফিকুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌরসভার আমোদাবাদ এলাকার মুনসুর আলীর ছেলে।
এ ঘটনায় পরিদর্শনে আসা নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান জানান নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থায় মরদেহ হস্তান্তর করা হবে।





