নজর২৪, ঢাকা- সাংবাদিকদের ভয় দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র, যুব, শ্রমিক পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেন, আমরা দেখেছি সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে হেনস্তা করেছে এবং পরবর্তী সময়ে একটা মামলাও দেওয়া হয়েছে। এটি সরকারের আরও একটি অনিয়ম-দুর্নীতির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সাংবাদিকদের ভয় দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় উল্লেখ করে নুর বলেন, সরকারের রোষানল থেকে আজ সাংবাদিকরাও নিরাপদ নয়। একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হেনস্তা করা হয়েছে বাকি সাংবাদিকদের মনে ভয় ঢুকিয়ে দেয়ার জন্য। সাংবাদিকরা চুপ থাকলেই সরকারের জন্য সুবিধা হয়। তাই সাংবাদিকদের ভয় দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। যাতে তারা সরকারের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করতে না পারে।
রোজিনা ইসলামকে গ্রেফতারের পর সাংবাদিক নেতাদের ভূমিকার সমালোচনা করে নুর বলেন, ‘কয়জন সাংবাদিক নেতা রোজিনার মুক্তির জন্য সোচ্চার হয়েছেন? দেশের একটি প্রথম সারির পত্রিকার একজন সিনিয়র সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করে এভাবে মামলা দেয়া হলো, কয়জন সাংবাদিক নেতা থানায় এসেছেন? প্রতিবাদ করেছেন? সাংবাদিকদের বলব- দলদাস, দলাকানা দালালদের আপনাদের নেতা বানাবেন না। ওরা আপনাদের স্বার্থ বিক্রি করে, যেমনিভাবে বিক্রি করেছে সাগর-রুনি হত্যার ন্যায়বিচার।’
কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আজকে বাংলাদেশে কেউ নিরাপদ নয়। সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন লেখালেখি করেন, তাদের হয়রানিমূলক মামলা দিয়ে আটক করা হয়। ছাত্র অধিকার পরিষদ রোজিনা ইসলামের মুক্তি ও তাকে নির্যাতনে জড়িতদের বিচারে আওতায় আনার দাবি জানায়।’
