Home বিনোদন আর এমন ভুল হবে না: নোবেল

আর এমন ভুল হবে না: নোবেল

0
82

বিনোদন ডেস্ক- সম্প্রতি কয়েকটি ঘটনায় বিতর্কিত মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচিত হয়েছেন ভারতের একটি রিয়েলিটি মিউজিক শো থেকে উঠে আসা ​তরুণ কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল।

 

শিল্পী, সুরকারদের নিয়ে মন্তব্য করার পাশাপাশি সাংবাদিকদেরও হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সর্বশেষ তার বিরুদ্ধে কলাবাগান থানায় জিডি করেন একটি বেসরকারি টেলিভিশনের বিনোদন প্রতিবেদক। এর এক দিন পরেই মঙ্গলবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখে লেখেন, এমন ভুল আর হবে না।

 

ফেসবুকে নোবেল লেখেন, রোড এক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িছে এনেছি।

 

ভুলের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি না হয় ভুল করব। সেগুলো ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি।’

 

শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে লেখেন, ‘আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না… সবাইকে ভালোবাসা… ঈদ মোবারক।’

 

গেলো এক সপ্তাহে নোবেলের মূল আক্রোশ ছিল রকস্টার জেমস ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ুনের প্রতি। তাদের নামে অকথ্য ভাষায় লিখেছেন টানা। সর্বশেষ ১৬ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সময় টিভি অনলাইনের সাংবাদিক আল কাছিরকে মুঠোফোনে তুলে নেওয়ার ও দেখে নেওয়ার হুমকি দেন। নোবেলের এমন আগ্রাসী আচরণে পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন সময় টিভি কর্তৃপক্ষ। এর নম্বর ৭০৩।

 

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন ও পরিচালন) সৈয়দ আসাদুজ্জামান জিডিতে উল্লেখ করেন, ‘‘১৬ মে দিবাগত রাতে নোবেল সময় টিভি অনলাইনের প্রতিবেদক আল কাছিরকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে দেখে নেওয়া, জেলে প্রেরণ ও অপহরণের হুমকি দেন। পাশাপাশি নিজেকে আইনশৃঙ্খলার বাহিনীর একজন উচ্চপদস্থের ‘শালা’ পরিচয় দিয়ে এগুলো করার কথা বলেন।’’

 

ধারণা করা হচ্ছে, এই জিডি’র সূত্র ধরেই একদিনের মাথায় নোবেল নতজানু হয়ে পোস্টটি দিলেন। যেখানে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ভুল স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা শিল্পীদের প্রকাশ্য হেনস্তার বিষয়ে কোনও মন্তব্য করেননি নোবেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here