অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।
বুধবার (১২ মে) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহী জয় এবং উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল নিহত হয়।
স্থানীয়রা জানান, নিহত জয় ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার সময় উপজেলার কষ্টাপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী করতোয়া পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জয় নিহত হয়। এসময় আহত হয় তার সাথে থাকা দুই বন্ধু।
এ ছাড়া একই উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়ানো গার্মেন্টস কর্মী রুবেলের উপর মাটি পরিবহন করা একটি হাইড্রোলিক ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করে। এরআগে রুবেল ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিল।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছে। এছাড়া সানববয়ড়া এলাকায় দূর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
