পণ্যবাহী ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নুর মোহাম্মদ (৫২) নামের এক যাত্রী নিহত হয়েছে। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে।

 

শুক্রবার (৭ মে) বিকেল ৫ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাটস্থ আমতলীর বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৫ টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন পণ্যবাহি একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১ ০৮০৬)। ওইসময় ট্রাকটি মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালা অতিক্রম করে মালুমঘাটের আমতলী এলাকা পৌঁছলে বিপরীত দিক (কক্সবাজার থেকে চকরিয়ামুখী) একটি দ্রুতগামী প্রাইভেট নোহা মাইক্রোবাসের নং (ঢাকা মেট্রো চ-১৩ ৫৬৮৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নোহা মাইক্রোবাসের চালক এবং যাত্রী নুর মোহাম্মদ গুরুতর আহত হয়।

 

খবর পেয়ে তাৎক্ষনিক মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিকেল ৫ টার দিকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নুর মোহাম্মদ মারা যান। তবে দুর্ঘটনায় অন্য আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি।

 

চকরিয়া উপজেলার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, মালুমঘাট আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নোহা গাড়ির এক যাত্রী নিহত হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক হেলপার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *