নজর২৪, ঢাকা- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে ডিএনসিসি এলাকার কোনো মার্কেটে ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
আজ সোমবার (৩ মে) রাজধানী মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের লোকসানের কথা বিবেচনা করে দোকানপাট খুলে দিয়েছে সরকার। তার আগে স্বাস্থ্যবিধি মানবেন বলে লিখিত দিয়েছেন দোকান মালিকেরা। এখন ডিএনসিসি এলাকার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে। কাল থেকে আমি নিজে সব মার্কেটে ঘুরবো। কোনো মার্কেটে দোকানি এবং ক্রেতাকে মাস্ক ছাড়া পাওয়া গেলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে।
এর আগে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রোগীর সেবা নিশ্চিত করতে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, প্রধান নির্বাহী সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
