নজর২৪, ঢাকা- সম্প্রতি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হুইপপুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মুনিয়ার ভাই।
রোববার দুপুরে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম মোর্শেদ আল মামুনের কোর্টে এ মামলা দায়ের করেন তিনি। শারুন সরকার দলীয় হুইপ ও চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে।
গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ভবন থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার রাতেই গুলশান থানায় মামলা করেন তার বোন। এতে আসামি করা হয় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে।
এ ঘটনায় মামলার পর মঙ্গলবারই সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় বিচারিক আদালত।
এই মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন আনভীর। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত বুধবার জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হলেও করোনা পরিস্থিতির কারণে শুনানি হয়নি।
তরুণীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই বসুন্ধরার এমডির পাশাপাশি উঠে আসে শারুনের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শারুনের সঙ্গে ওই তরুণীর কথোপকথনের কিছু স্ক্রিনশট।
