শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের বাঁকখালী নদী থেকে এরশাদুল হক (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ মে) বেলা ১২টার দিকে সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বেড়িবাঁধের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এরশাদুল হক খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকার এ কে ফজলুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দা আজিজ উদ্দিন জানান, নিজ বড়ভাই আবদুল করিমের ফ্ল্যাটে থাকে এরশাদুল হক। সেখান থেকে বোটে মাছ ধরতে যায়।
মো. আরমান নামের আরেকজন জানিয়েছেন, সেলিম মাঝির বোটে কাজ করতো এরশাদ। দুপুরে খবর পেয়ে পুলিশের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র বলেন, লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো ঘটনার কারণ জানা যায় নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
