বিনোদন ডেস্ক- চুমুকে চুমুকে জীবনকে উপভোগ করে যাচ্ছেন অভিনেত্রী পরীমনি। মুক্ত বিহঙ্গের মতোই তার ছুটে চলা। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন পরী। সোশ্যাল মিডিয়ায় সেসব ট্যুরের স্থিরচিত্র প্রকাশ করেন। করোনাভইরাসে যখন দেশে লকডাউন চলছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন সময়ে পরী অবকাশ যাপন করছেন দুবাইয়ে। ব্যস্ত শিডিউলের ফাঁকে দুবাই উড়াল দিয়েছেন তিনি।
দুবাই সফরে গিয়ে দুঃসাহসী হয়ে উঠেছেন এ নায়িকা। যে কাজটি কখনও করেননি, এবার সমুদ্রগামী সেই ইয়টের চালক হয়ে বসেছিলেন। ইয়ট নিয়ে নীল সমুদ্রের বুকে বেশ খানিকটা পথও পাড়ি দিয়েছেন। পুরো মুখ ঢেকে বাজপাখি হাতে ড্রামাটিক মুডের ছবিও তিনি পোস্ট করেছেন ফেসবুকে।
এসব ছবি দেখে পুলকিত হচ্ছেন তার ভক্তরা। অন্যদিকে রহস্যও খুঁজছেন অনেকে। পরীকে কেউ কেউ প্রশ্ন ছুড়ছেন, ‘উনি কোথায়?’
শুক্রবার পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে দুবাইয়ের মরুভূমিতে শূন্যে লাফানোর একটি স্লো মোশন ভিডিও শেয়ার করেছেন। সেই পোস্টে আসে এমন মন্তব্য।
কে এই ‘উনি’?
সম্প্রতি পরীমনির নাম জড়িয়েছে এক শিল্পপতির সঙ্গে। সম্প্রতি একটি ঘটনায় সর্বত্র আলোচিত হচ্ছেন ওই শিল্পপতি।
নানাভাবেই ওই শিল্পপতির সঙ্গে যোগসূত্র খোঁজার চেষ্টা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরীমনির সঙ্গে ওই শিল্পপতিরও দুবাইয়ে যাওয়ার কথা ছিল বলে শোনা গেছে। যদিও এসব কথার কোনো সত্যতা এখন পাওয়া যায়নি।
তবে এসব নিয়ে কথা বলতে ছাড়ছেন না মন্তব্যকারীরা। এই নায়িকাকে নানাভাবে হেয় করে মন্তব্য করছেন অনেকে। মুখরোচক নানা বাক্যে নায়িকার সঙ্গে ওই শিল্পপতির সম্পর্ক নিয়ে কথা হচ্ছে।
২৩ এপ্রিল ফেসবুক পেজে ‘ওকে বাই’ লিখে একটি পোস্ট করেন নায়িকা। ২৪ এপ্রিল ‘ইউ ফাউন্ড মি’ ক্যাপশনে দুবাইয়ের ছবি পোস্ট করেন পরীমনি। তার পর থেকে বিভিন্ন সময় নানা রকমের ছবিতে দুবাইতে দেখা যাচ্ছে তাকে।
করোনার কারণে সিনেমার শুটিং কম। মার্চে স্ফুলিঙ্গ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। একই মাসে মুখোশ নামের একটি সিনেমার শুটিং করেছেন তিনি। এ ছবিতে রয়েছেন মোশাররফ করিম, রোশানসহ অনেকেই।
