নজর২৪, বরিশাল- বরিশালের বাবুগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো. রেজাউল করিম আকন্দ (৪৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রেজাউল করিম আকন্দকে স্থানীয়রা ওই স্ট্যাটাসের জন্য গণধোলাই দেয়।
রেজাউল করিম (৪৭) গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায় বসবাস করেন এবং রহিমগঞ্জ বাজারে তার ‘ফ্যামিলি ওয়ার্ল্ড ফার্মেসী’ নামের একটি ওষুধের দোকান রয়েছে। পুলিশ তাকে ওই ফার্মেসি থেকেই গ্রেপ্তার করেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, বুধবার সকাল ৮টার দিকে রেজাউল করিম আকন্দ তার নিজ ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে উদ্দেশ্যে করে অশালীন এবং মানহানিকর লেখা ও ছবি পোস্ট করেন।
ওসি বলেন, নিজের ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে মানহানীকর এমন পোস্ট করার পর পরই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত রেজাউল করিম ফেজবুক আইডি থেকে ওই পোস্ট ডিলেট করেন।
কিন্তু স্থানীয়রা ওই পোস্টটি মোবাইলে স্কিনশর্ট দিয়ে রাখেন এবং রাতেই রেজাউলকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে মারধর করেন।
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। রাতেই এই ঘটনায় ইউনিয়নের আলগীর চর গ্রামের মো. নুরুল হক চৌকিদারের ছেলে মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
