রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে খানা পুলিশের বিশেষ অভিযানে হোসেন আলী মোল্লা (৬৩) ও মোঃ সালমান আকন্দ (৩২) নামের জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপার মহল্লায় জামায়াত নেতা মোঃ হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র, জিহাদী বই ও টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শাহজাদপুর পৌর জামায়াতের ৪নং ওয়ার্ডের রোকন পুকুরপাড় মহল্লার মৃত মহির মোল্লার ছেলে মো: হোসেন আলী মোল্লা (৬৩) ও সদস্য দ্বারিয়াপুর (ভূষিপট্ট্রী) মহল্লার মোঃ আলীমুদ্দিন আকন্দের ছেলে মোঃ সালমান আকন্দ (৩২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লায় জামায়াত নেতা হোসেন আলী মোল্লার বাড়িতে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার জন্য গোপন বৈঠক চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান এর নেতৃত্বে ওই বাড়ীতে অভিযান চালায় থানা পুলিশ।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। এ অবস্থায় ঘটনাস্থল থেকে হোসেন আলী মোল্লা ও সালমান আকন্দকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যায়। ওই বাড়ি থেকে দেশীয় অস্ত্র, জিহাদী বই ও জামায়াতের টাকা আদায়ের রশিদ উদ্ধার করে থানা পুলিশ ।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর রোববার (২৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
