সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামের এক শিক্ষক নিহত হয়েছে। ১৬ এপ্রিল শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে উক্ত শিক্ষক মারা যান।
নিহত মোস্তাফিজুর রহমান খামারকান্দি ইউনিয়নের মাগুরের তাইড় গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে ও শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষক।
এলাকাবাসী জানান, গত এক সপ্তাহ পূর্বে মাগুরের তাইড় এলাকার চা দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান কে মারধর করে একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে শহিদুল ইসলাম, শহিদুলের ছেলে রায়হান ও মৃত হোসেন আলীর ছেলে আলী আজম।
এতে মোস্তাফিজুর গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা ও স্ত্রী জেসমিন আক্তার উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত্রি ৪টায় মারা যায় মোস্তাফিজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, মেম্বার পদপ্রার্থী মিলনের হয়ে নির্বাচন করার কথা বলায় বর্তমান মেম্বার রানার লোকের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে শহিদুল, রায়হান, আলী আজম মারধার করলে সে গুরুত্বর আহত হয়।
এ বিষয়ে নিহত স্ত্রী জেসমিন আক্তার জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমার স্বামীকে মারধর করে। এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে অভিযুক্ত রায়হানের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ততা দেখিয়ে মোবাইলের সংযোগ কেটে দেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গত ৭ এপ্রিল হাসপাতালের মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিল মোস্তাফিজ। সেখানে হার্ট অ্যাটাকে মারা গেছে এমন একটি সার্টিফিকেট পাওয়া গেছে হাসপাতলের। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কি কারনে সে মারা গেছে।
