Home দেশের খবর বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

0
88

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

১৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামস্থ আনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

বিস্ফোরণে দগ্ধরা হলেন, মহিপুর কলোনি গ্রামের আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী হেলেনা বেগম ৪৮), ছেলে নুরুজ্জামান (৩১) ও প্রতিবেশী মোতাহার হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৬)।

 

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহিপুর কলোনি গ্রামের আনোয়ার হোসেন স্থানীয় বাজার থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে যান।

 

এরপর রান্নাঘরে গিয়ে চুলার সঙ্গে সিলিন্ডারের সংযোগ দেয়ার চেষ্টা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনিসহ তার পরিবারের তিনজন দগ্ধ হন। এছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী এক নারীও দগ্ধ হয়েছেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়ার শজিমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান এ স্টেশন কর্মকর্তা।

 

দগ্ধ আনোয়ার হোসেন বলেন, চুলার সঙ্গে গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়া মাত্রই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়।

 

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here