মামুনুলের শ্বশুরকে নোটিশ দেওয়ায় আ. লীগ নেতাদের হত্যার হুমকি

নজর২৪ ডেস্ক- হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর বাবাকে আওয়ামী লীগ কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর দলের নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

এই ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোনায়েম খান শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর বাবা মো. ওলিয়ার রহমান ওরফে ওলি মিয়াকে গত সোমবার আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

ওলিয়ার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

ওলিয়ারকে ‘জামাতা’ মামুনুল হক সম্পর্কে তথ্য গোপন করা, মেয়ে ‘অবৈধ’ কার্যকলাপে লিপ্ত থাকা, ওলিয়ারের ‘স্ত্রী জামায়াতপন্থী’ হওয়া এবং হেফাজতে ইসলামের সঙ্গে পরিবারের সংশ্লিষ্টতার বিষয় গোপন করার কারণ ব্যাখ্যা করতে বলা হয় ইউনিয়ন আওয়ামী লীগের দেওয়া ওই নোটিশে।

 

ওয়ালিয়ার রহমানকে কেন দলের পদ থেকে সাময়িকভাবে ‘বহিষ্কার’ করা হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়।

 

শুক্রবার সাধারণ ডায়েরিতে মোনায়েম খান উল্লেখ করেন, ওলিয়ার রহমানের পরিবার হেফাজতের সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগের কর্মপরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় গত ১২ এপ্রিল ওলিয়ার রহমানকে সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশ দেওয়ার পরদিন ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু করে ৭টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যক্তিগত নম্বরে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

 

এ সময় তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়। এ ছাড়া একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের মোবাইল নম্বরে ফোন করে মামুনুল হক পরিচয় দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আইনের সহযোগিতা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

 

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জিডির বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি জিডি করেছেন। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *