নজর২৪, চট্রগ্রাম- ধর্মভিক্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে হেফাজতের কোনো মাথাব্যথা নেই, আলোচনা নেই। ওনার (মামুনুল হক) বিয়ে শরিয়ত সম্মত ও বৈধ।
রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় একটি সভা করে হেফাজত। বেলা সাড়ে ১১টায় সভাটি শুরু হয়। চলে বিকেল পৌনে ৪টা পর্যন্ত।
সভায় মামুনুলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
কী আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে তেমন বেশি আলোচনা হয়নি। ওনার বিবাহ শরীয়ত সম্মত ও বৈধ। এটা ওনার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে হেফাজতের কোনো মাথাব্যথা নেই, আলোচনাও নেই।’
তবে দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে বাবুনগরী বিষয়টি নিয়ে কিছুই বলতে চাননি। এ প্রসঙ্গ নিয়ে এক গণমাধ্যমকর্মী প্রশ্ন করতে চাইলে হেফাজতের আমির প্রথমে এ বিষয়ে কোনো প্রশ্ন নিতে অস্বীকৃতি জানান।
একজন বিষয়টি তুললে তাকে থামিয়ে বাবুনগরী বলেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্নোত্তর হয় না। আমাদের আজকে কোনো ব্যক্তির বিশেষ নিয়ে আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেয়ার কোনো কথা উঠে নাই। কাউকে অব্যাহতি দেয়ার আলোচনা হয় নাই।’
-মামুনুল হকের বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে।
‘বলতে পারে, বলতে পারে।’
-আপনারা সংগঠন থেকে কোনো তদন্ত করবেন কি না, বা আপনাদের বক্তব্যটা কী?
‘এই বৈঠকে সে বিষয়ে কোনো আলোচনা হয় নাই।’
-বিভিন্ন ভিডিও প্রকাশ হচ্ছে, আপনাদের বক্তব্যটা ক্লিয়ার করেন?
‘এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার।’
মামুনুল হকের বিষয়ে প্রশ্ন নিতে না চাইলেও জাতীয় ওলামা সম্মেলন নিয়ে প্রশ্নের জবাবে অনেক কথা বলেন বাবুনগরী।
বলেন, ‘২৯ মে ২০২১ সাল শনিবার ইনশাআল্লাহ বড় আকারে জাতীয় পর্যায়ে ওলামা মাশায়েখ সম্মেলন হবে হেফাজতে ইসলামের উদ্যোগে হাটহাজারী মাদ্রাসায়। এটা আমাদের বড় কর্মসূচি। এটা গুরুত্বপূর্ণ।’
সারা দেশের কওমি আলেমরা এখানে অংশ নেবেন কি না – জানতে চাওয়া হলে বাবুনগরীর জবাব, ‘সারা দেশের না, সারা দেশের না। এখানে দাওয়াত দিতে হয় বড় বড় আলেম ওলামাদের। সব আলেম আনতে হলে থানা লাগবে। বড় বড় আলেম ওলামাদের দাওয়াত দেয়া হবে, পীর মাশায়েখ, পীর আউলিয়ারাও আসবে।’
