Home জাতীয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার বাস বন্ধ: কাদের

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার বাস বন্ধ: কাদের

0
109

নজর২৪, ঢাকা- চলমান লকডাউন রোববার শেষ হওয়ার কথা থাকলেও ১৪ এপ্রিল থেকে ‘কঠোর’ ও ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর আগ পর্যন্ত তা বহাল থাকবে। এই সময়ে মহাসড়কগুলো গত এক সপ্তাহের মতোই বন্ধ থাকবে। চালু করা যাবে না লঞ্চ ও ট্রেনও।

 

নিজ বাসভবনে রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে দেশজুড়ে ‘কঠোর’ ও ‘সর্বাত্মক’ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে সোম ও মঙ্গলবার কী হবে, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে ১২ ও ১৩ এপ্রিল।

 

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার, যথারীতি শুধু দেশের সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

 

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে।১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে বৃহত্তর স্বার্থে। প্রয়োজনীয় নির্দেশনাসহ সরকার সময়মতো প্রজ্ঞাপন জারি করবে বলে জানান ওবায়দুল কাদের।

 

দেশের মানুষকে এই সংকটকালে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাস্থ্যবিধির প্রতি সামান্য অবহেলা আমাদের চিরচেনা জীবন থেকে ছিটকে দিতে পারে। পরিবার–পরিজন ও আত্মীয়স্বজনের এ মায়াময় পৃথিবী অচেনা হয়ে যেতে পারে।’

 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন স্রষ্টার প্রতি। সবার প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিশ্চয়ই এ মহামারি থেকে উত্তরণ ঘটিয়ে পৃথিবী আবারও নিজ রূপে ফিরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here