ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে ঢুকতে দেওয়া হবে না, কাদের মির্জার ঘোষণা

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বড়ভাই ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আমার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সন্ত্রাসী খু.নি বাদল বাহিনীর হাতে জিম্মি। তিনি প্রশাসনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। নিজের দুর্নীতিবাজ স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরকে বাঁচাতে তিনি ব্যস্ত।

 

তিনি বলেন, আপনি কী করবেন? পেটাবেন, মেরে ফেলবেন, গুলি করবেন করেন। মনে রাখবেন এ কোম্পানীগঞ্জের মাটি থেকে একদিন আপনার অস্তিত্ব বিলিন হয়ে যাবে। আপনি ডিসি, এসপি, এডিসি, কোম্পানীগঞ্জের ইউএনও, ওসি, ওসি (তদন্ত) এদের বিচার করুণ।

 

এসব সমস্যার সমাধান করুন। যদি সমাধান না করেন তবে কোম্পানীগঞ্জের মাটিতে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে, আমার পরিবারের লোকজনের রক্ত ঝরবে তবু্ও আপনাকে কোম্পানীগঞ্জে ঢুকতে দেওয়া হবে না।

 

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তার পৌরসভার কার্যালয় থেকে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন।

 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর একরামুল করিম চৌধুরী ও ফেনীর নিজাম উদ্দিন হাজারীকে এমপি পদে দলীয় নমিনেশন দিলে প্রমাণ হয়ে যাবে আওয়ামী লীগ অপরাজনীতি করে। আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আর প্রার্থীতা দেবেন না।

 

কাদের মির্জা বলেন, আজ সংবাদপত্রগুলোর মুখ রুদ্ধ করে দিয়েছে। তাদের কথা বলতে দিচ্ছে না। তারা সত্য ঘটনা এখান থেকে উদঘাটন করেছে। সেটা ওবায়দুল কাদের প্রকাশ করতে দিচ্ছে না। তার কি স্বার্থ। সে কি আমাদের হত্যা করতে চায়। এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে দিচ্ছি। ’

 

এসময় তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার পুলিশবাহিনী এবং প্রশাসন সামলাও বলে দিচ্ছি। তুমি জেলে নেবে হত্যা করবে। তোমাকে আমরা ভয় করিনা। তোমার খাইও না পরিও না। ’

 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমার কারণে আমার একটা ভাই ফাঁ-সি দিয়ে মারা গেছে। আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমার কর্মীদের চাকরি দেবে বলেছিলে, আজকে একজন কর্মীরও চাকরি হয়নি।

 

কোম্পানীগঞ্জে যে উন্নয়নগুলো হয়েছে সেটা নেত্রীর কারণে হয়েছে। সারা বাংলাদেশে হয়েছে। এখানে কোনো কাজ হয়নি। এখানে এখনো গ্যাস নেই।

 

কাদের মির্জা আরো বলেন, ‘আমরা তার বাসায় ঢুকতে পারিনা। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এত দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কোনো পরিবারে আছে কিনা সন্দেহ আছে। আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে এটা কিসের ইঙ্গিত বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *