Home আলোচিত ‘খোঁজ মিলছে না’ মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণার, ছেলের জিডি

‘খোঁজ মিলছে না’ মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণার, ছেলের জিডি

0
143

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ‘নিখোঁজ’ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান। ওই জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন আব্দুর রহমান।

 

শনিবার (১০ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানায় এ জিডি করা হয়। জিডি নম্বর-৫৪৫। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস।

 

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে জনতার হাতে মামুনুলের সঙ্গে অবরুদ্ধ হন ঝর্ণাও। তখন ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। যদিও পরবর্তী ঘটনাপ্রবাহে মামুনুলের ওই দাবি প্রশ্নের মুখে পড়েছে।

 

ওই ঘটনার পর ঝর্ণার সঙ্গে তার প্রথম সংসারের ছেলে আবদুর রহমানের ফোনালাপও ফাঁস হয়, যেখানে রহমানকে মামুনুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। পরে ফেসবুক লাইভে এসে ঝর্ণার প্রথম সংসারে ভাঙনের পেছনে মামুনুলকে অভিযুক্ত করেন রহমান।

 

মামুনুল হকের বিচার চেয়ে লাইভে আবদুর রহমান বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করব- এর যেন সঠিক বিচার হয়। আপনারা কারও অন্ধ ভক্ত হয়েন না।… এই লোকটা আলেম নামধারী একটা মুখোশধারী, একটা জানোয়ার। এর মধ্যে কোনো মনুষত্ব নেই। সব সময় সুযোগের অপেক্ষায় থাকে, কাকে কীভাবে দুর্বল করা যায়।’

 

জিডিতে নিজের পাশাপাশি মায়ের জীবনের নিরাপত্তাও চেয়েছেন আবদুর রহমান। বলেছেন, গত ৩ এপ্রিলের পর থেকে মায়ের খোঁজ না পাওয়ায় তিনি উদ্বিগ্ন।

 

সাধারণ ডায়েরিতে আবদুর রহমান লেখেন, বেশ কিছুদিন ধরে তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। যোগাযোগ করতে না পেরে গত ৮ এপ্রিল তার মায়ের ঢাকার বাসায় আসেন তিনি।

 

রাজধানীর নর্থ সার্কুলার রোডে একটি বাসায় মাসে ছয় হাজার টাকা চুক্তিতে সাবলেট থাকতেন ঝর্ণা। ওই ফ্ল্যাটের প্রকৃত ভাড়াটিয়া তার ছেলেকে জানান, ঝর্ণা গত ৩ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

 

মায়ের বাসায় ঢুকে সেখানে তিনটি ডায়েরি পান আবদুর রহমান। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ডায়েরিগুলোতে মামুনুল হকের সঙ্গে সম্পর্কের বিস্তারিত লিখেছেন ঝর্ণা।

 

বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট ও ডিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ডায়েরিতে ঝর্ণা তার জীবনে ঘটে যাওয়া নানা করুণ কাহিনি তুলে ধরে মামুনুলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছেন। কথা দিয়েও তাকে বিয়ে না করার আক্ষেপের কারণে নিজের ওপর ঘৃণা করার কথাও লিখেছেন।

 

পল্টন থানা থেকে জানানো হয়েছে, আবদুর রহমানের জিডিতে তার মায়ের তিনটি ডায়েরির নিরাপত্তাও চাওয়া হয়েছে।

 

এই তরুণ লেখেন, ডায়েরিগুলো নিয়ে তিনি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তাকে অনুসরণ করে। এই পরিস্থিতিতে আব্দুর রহমান নিজের তার মায়ের মায়ের জীবন এবং ডায়েরিগুলো নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তাই তিনি থানায় আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here