লকডাউনে খোলা রাখায় কওমি মাদ্রাসাকে জরিমানা

নজর২৪ ডেস্ক- মহামারী রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোণায় খোলা রাখার অভিযোগে এক কওমি মাদ্রাসাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরান মাদ্রাসায় আদালত এ দণ্ড দেওয়া হয়েছে।

 

মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপজেলার বাহাদুরপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে মাওলানা মাহবুবকে (৪৫) দুই হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া।

 

নিষেধাজ্ঞা অমান্য করে চালু রেখে এই প্রথম কোনো কওমি মাদ্রাসা শাস্তির মুখে পড়েছে।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আরিফ চৌধুরী জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনগণকে বাধ্য করতে শনিবার জেলার প্রায় সব উপজেলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে এই অভিযান চলাকালে ওই মাদ্রাসায় ২০ জনের মতো ছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারি নির্দেশ অমান্য করে মাদ্রাসা চালু রাখার বিষয়ে শিক্ষকরা কোনো জবাব দিতে পারেননি। পরে মাদ্রাসার শিক্ষকসহ ছয় জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এদের মধ্যে সরকারি বিধিনিষেধ না মেনে কার্যক্রম চালানো ও সংক্রমণে ঝুঁকি বাড়ানোয় মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাহবুবকে জরিমানা করা হয় দুই হাজার টাকা।

 

সুলতানা রাজিয়া বলেন, ‘আদালতের কাছে তিনি (মাওলানা মাহবুব) অঙ্গীকার করেছেন সরকারি নির্দেশ অমান্য করে তিনি আর মাদ্রাসা কাজ চালাবেন না।’

 

করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর গত ২৯ মার্চ সরকার এক প্রজ্ঞাপনে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পরলে ২৬ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হলেও পরে বিশেষ বিবেচনায় কওমি মাদ্রাসা চালু রাখার সুযোগ করে দেয় সরকার।

 

তবে দ্বিতীয় ঢেউয়ে করোনা আরও বেশি ছড়িয়ে পড়ার পর সরকার এবার কওমি মাদ্রাসাও বন্ধ রাখার নির্দেশ দেয়।

 

তবে এর পরেও দেশের বিভিন্ন এলাকায় কওমি মাদ্রাসা চালু রাখার খবর আসতে থাকে। এরপর গত ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *