ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্ত, বখাটে গ্রেফতার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনৈক নারী চিকিৎসককে উত্ত্যক্তের ঘটনায় রাশেদ আহম্মেদ (২৪) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

১০ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার মির্জাপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদ আহম্মেদ ওই গ্রামের আবু হানিফের ছেলে।

 

এর আগে ৯ এপ্রিল শুক্রবার রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মডার্ন ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

 

মামলা সূত্রে জানা যায়, বিগত ৭ মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠায় বখাটে রাশেদ। এরপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতো সে।

 

এ ধরনের কর্মকান্ড না করতে তাকে একাধিকবার বলা হয়। এরপরে সে উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। গত তিন-চারদিন থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি পাঠানো শুরু করে রাশেদ। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ওই চিকিৎসক মামলা করেন।

 

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *