নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে চলমান ‘লকডাউনের’ মধ্যেও স্বাস্থ্যবিধি মানার শর্তে পঞ্চম দিন শুক্রবার রাজধানীর শপিংমল-দোকানপাট খুলেছে।
এদিন সকাল থেকে নগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও দুপুরের দিকে গাউসিয়া ও নিউমার্কেটে ছিল উপচেপড়া ভিড়।
মানুষের স্রোতের কারণে আশপাশের সড়কগুলোতে যানজটও দেখা গেছে। তীব্র ভিড় উপেক্ষা করে কেনাকাটা করছেন সবাই। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি এসব মার্কেটে।
শুক্রবার দুপুরে গাউসিয়া মার্কেটে গিয়ে দেখা গেছে, মানুষের ভিড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সামনে এগুনো কঠিন। গাউসিয়া মার্কেট লাগোয়া এলিফ্যান্ড রোডেও ছিল তীব্র ভিড়।
একই চিত্র দেখা গেছে, মার্কেটের সামনের ফুটওভার ব্রিজেও। ফুটপাত থেকে শুরু মার্কেটের ভেতরের অলিগলিতেও ছিল উপচেপড়া ভিড়। কেউ কেউ মাস্ক পরলেও বেশিরভাগেরই মুখে তা দেখা যায়নি। দোকানীরা ক্রেতাদের সামাল দিতে হিমসিম খাচ্ছেন। কোনও দোকানেই হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করতে দেখা যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, টানা চার দিন বন্ধ থাকার পর হঠাৎ করেই দোকানপাট খুলে দেওয়া হয়। এর মধ্যে আবার আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা বলা হচ্ছে। এ অবস্থায় আসন্ন পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কেনাকাটার জন্য মার্কেটগুলোতে ভিড় করছেন। এসময় পোশাকের ব্যবসা চাঙ্গা হয়। এছাড়া নগরবাসীও সেই ভিড়ে অংশ নিয়ে কেনাকাটা করছেন। যে কারণে মানুষের চাপ বেশি।
উল্লেখ্য, গতকাল সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে শুক্রবার থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করে।
