নজর২৪, ঢাকা- রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এদেশে আল্লাহর দয়ার ওপর চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখানে সরকারকে ট্যাক্স দিলেও সেবা পাওয়া যায় না।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের ভয়াবহতার প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নাগরিক সংবাদ সম্মেলনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জুমে বক্তব্য দেন অধ্যাপক আসিফ নজরুল।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। এতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গন-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নাঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, রাষ্ট্র চিন্তার দিদারুল ভুঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে যে করোনার দ্বিতীয় ঢেউ আসবে সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু সরকার সে দিকে নজর না দিয়ে নরেন্দ্র মোদির আগমন নিয়ে ব্যস্ত ছিল। আর ব্যস্ত ছিল মোদিবিরোধী বিক্ষোভ কীভাবে দমাবে তা নিয়ে।
তিনি বলেন, পরিকল্পনাবিহীন লকডাউন দিয়ে সরকার করোনাকে আরও বিকেন্দ্রীকরণ করে দিয়েছে। সরকারের কোনো জবাবদিহি নেই বলে যা ইচ্ছা তাই করছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনার চেয়েও সরকারের অব্যবস্থাপনার কারণে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর নজর করোনার মোকাবিলার চেয়ে ক্ষমতা রক্ষায়। প্রধানমন্ত্রীকে বলবো, ভারত তার প্রয়োজন শেষ হলে ছুড়ে ফেলে দেবে। আপনি এখন করোনা মোকাবিলার দিকে নজর না দিয়ে ক্ষমতা রক্ষার জন্য মানুষকে রাতের অন্ধকারে গ্রেফতার করছেন, রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন ভারত আপনাকে রক্ষা করতে পারবে না।
করোনার এ সময়ে সব মেডিকেল ইকুইপমেন্টের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, সরকারি লোকজনের তো কিছু কিনে খাওয়ার অভ্যাস নেই। তারা সব কিছু এমনি এমনি পেয়ে যান। এ জন্য এসব বিষয়ে তাদের কোনো চিন্তা নেই।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, আগের মহামারিগুলো থেকে আমরা বোঝতে পেরেছি যে করোনার দ্বিতীয় ঢেউ কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো প্রস্তুতিই ছিল না। তাদের প্রস্তুতি হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় ঢেউ আসবে না, আমরা করোনা চেয়ে শক্তিশালী এসব বলা।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজনৈতিক দল, সাংবাদিক, বিশিষ্ট নাগরিকসহ সবার অংশগ্রহণে জাতীয় কমিটি গঠন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
তিনি বলেন, মানুষ আপনাদের (সরকারের) কথা শুনে না। আপনার সত্য কথা বললেও মানুষ মনে করে মিথ্যা বলছেন। কারণ আপনারা তো ভোটে নির্বাচিত নয়। আর সব সময় আপনারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও তথ্য দিয়ে গেছেন।
