নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ ও হরতালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারীসহ কয়েকটি স্থানে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম। এর রেশ না কাটতেই নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিসোর্টে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হওয়ার বিতর্কিত ঘটনায় কোণঠাসা হয়ে কৌশলী ভূমিকা নিয়েছে হেফাজত।
সংগঠনটির নেতারা গ্রেপ্তার এড়াতে সংঘাত হতে পারে, এমন কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার যে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল, তা স্থগিত করেছে সংগঠনটি।
দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আজ শুক্রবারও সংগঠনটি কোনো কর্মসূচি পালন করবে না। উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তারের পর গতকাল মামুনুল হক ফেসবুক লাইভে হুঁশিয়ারি উচ্চারণ করলেও ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।
এদিকে পুলিশ ও র্যাবের একাধিক সূত্র জানিয়েছে, মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয়, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার কয়েকজন নেতা নজরদারির মধ্যে আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি অন্তত ৯৮টি মামলার তদন্তে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
গতকাল ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি, সে জন্য নিজেই মর্মাহত। আমার কারণে আজকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি।’
এদিকে গত বুধবার রাতে মামুনুল হকের মোহাম্মদপুরের মাদরাসা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ে। পুলিশের একটি সূত্র জানায়, হাইকমান্ডের নির্দেশনা পেলে যেকোনো সময় মামুনুলসহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কারণে মামুনুলসহ সক্রিয় হেফাজত নেতাদের কার্যক্রম ও গতিবিধির ওপর কড়া নজরদারি করা হচ্ছে।
অন্যদিকে মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল হেফাজত। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির পর বুধবার সন্ধ্যায় তারা সমাবেশ স্থগিতের ঘোষণা দেয়।
সংগঠনটির সূত্র জানায়, মামুনুল ইস্যুতে বিব্রত হলেও কিভাবে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে ভাবছে হেফাজত। এ কারণে নতুন করে কোনো সহিংসতা ছড়াতে পারে, এমন কর্মসূচি দিচ্ছে না সংগঠনটি।
জানতে চাইলে ঢাকা মহানগর কমিটির প্রচার সম্পাদক মুফতি আব্দুল মুমিন বলেন, ‘শুক্রবার (আজ) আমাদের কোনো কর্মসূচি নেই।’
